
স্থানীয় সরকার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তাদের কোনো অঙ্গসংগঠনের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্পষ্টভাবে বলেন, যতক্ষণ পর্যন্ত দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হবে, ততক্ষণ তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন বা নির্বাচনে অংশ নেওয়ার আইনি অধিকার নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন, তাই তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা, সভা-সমাবেশ করা কিংবা অফিস খোলার বিষয়ে প্রশ্ন ওঠাই অবান্তর। এ ধরনের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বিব্রতবোধ করেন বলেও মন্তব্য করেন।
নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই সরকারের মূল ম্যান্ডেট, যেখানে জনগণের রায়ের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। এছাড়া সংশোধিত আইন অনুযায়ী, এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন বা জাতীয় প্রতীক ব্যবহারের কোনো সুযোগ থাকছে না বলেও তিনি নিশ্চিত করেন।
বগুড়া সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী শিবগঞ্জ মোকামতলা এলাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া তিনি শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুটি স্কুল বাস বিতরণ করেন। অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র: আলোকিত বাংলাদেশ