প্রতিনিধি 21 August 2026 , 6:06:44 প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পর আজ নতুন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তিনি আজ শপথ নেবেন। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এদিকে, এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনা জারি করেছে। তবে আমন্ত্রিত অতিথিদের যাতায়াতের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৪৯টি ভোটের মধ্যে ৩৪৩টি ভোট কাস্টিং হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে তার অবস্থান। রাষ্ট্রের আনুষ্ঠানিক সকল কার্যক্রম রাষ্ট্রপতির নামেই পরিচালিত হয়। দীর্ঘ সময় পর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও তার শপথ গ্রহণ দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সূত্র: যুগান্তর



















