প্রতিনিধি 21 September 2026 , 8:34:08 প্রিন্ট সংস্করণ

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জ্বালানি সংকট মোকাবিলার বিষয়ে রিজভী জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল কিনতে সরকারকে ২৫০ টাকা ব্যয় করতে হচ্ছে। সরকার এই খাতে ভর্তুকি দিচ্ছে, তবুও মূল্য সমন্বয়ের পর প্রতি লিটারে সরকারের প্রায় ৭০ টাকা লোকসান থাকছে। জ্বালানি সংকট নিরসনে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় দেশে কৃত্রিম অরাজকতা ও অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি দাবি করেন, এর পেছনে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে, যার সঙ্গে পতিত স্বৈরাচারের যোগসাজশ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থেকে বিভিন্ন ধরনের অন্তর্ঘাত বা স্যাবোটেজ করার চেষ্টা করছে বলেও তিনি সতর্ক করেন।
বিএনপির এই নেতা আরও বলেন, সামাজিক উন্নয়নসহ জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপকে ভিন্নখাতে নিতে নানা ষড়যন্ত্র চলছে। জনগণের স্বার্থে নেওয়া উদ্যোগ নিয়ে ব্যঙ্গ করা বা বিরোধীদের পক্ষ থেকে দায়িত্বশীল সমাধানের পরিবর্তে অসংলগ্ন মন্তব্য কাম্য নয়। এছাড়া গোপন কক্ষে পরাজিত শক্তির সাথে কেউ হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রুহুল কবির রিজভী।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















