সারাদেশ

দোহায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান: কাতারের দুই মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

  প্রতিনিধি 19 August 2026 , 7:55:17 প্রিন্ট সংস্করণ

দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কাতারের সঙ্গে সহযোগিতা জোরদার করতে দোহা সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে পৃথক বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে জ্বালানি ও আর্থিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পারস্পরিক সহযোগিতা বাড়াতে এবং আলোচনার বিষয়গুলো এগিয়ে নিতে দুই পক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে একমত হয়েছে।

বর্তমানে বাংলাদেশ গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণজনিত সমস্যা ও দেশীয় গ্যাস উৎপাদন হ্রাসের ফলে জ্বালানি সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা ঢাকার জন্য জরুরি হয়ে পড়েছে।

বাংলাদেশের জ্বালানি খাতে কাতার গুরুত্বপূর্ণ অংশীদার। বিশেষ করে এলএনজি আমদানিতে কাতার বাংলাদেশের অন্যতম প্রধান সরবরাহকারী। তাই বর্তমান সংকটে দেশটির সঙ্গে জ্বালানি ও আর্থিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ঢাকা। গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপ ভবিষ্যতে জ্বালানি সরবরাহ ও আর্থিক লেনদেনের জটিলতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content