প্রতিনিধি 21 September 2026 , 2:50:22 প্রিন্ট সংস্করণ

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এই ভয়াবহ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিস্ফোরণের তীব্রতায় একটি সিলিন্ডার ছিটকে পাশের কাপড়ের দোকানে গিয়ে পড়লে জয়নাব বেগম নামে এক নারী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে তল্লাশি শুরু করলে কারখানার ভেতর থেকে আরও পাঁচজনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল নামের আরেকজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে কারখানা এলাকায় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। কারখানার ভেতরে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















