রাজনীতি

ভারতের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

  প্রতিনিধি 22 September 2026 , 9:33:06 প্রিন্ট সংস্করণ

ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। মঙ্গলবার নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে তার নিয়োগে সম্মতি প্রদান করেছে। ১৯৯৫ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগদানকারী এই অভিজ্ঞ কূটনীতিক আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আসাদ আলম সিয়ামের নিয়োগসংক্রান্ত আনুষ্ঠানিক সম্মতিপত্রটি মঙ্গলবার বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে ভারত সরকার এই সম্মতিপত্রটি আটকে রেখেছিল বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ঢাকা ও নয়াদিল্লি উভয়ই পারস্পরিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। তবে ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়টি ঢাকার জন্য একটি বড় অস্বস্তির কারণ হয়ে আছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সূচনার অংশ হিসেবে আসাদ আলম সিয়ামকে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক পুনর্গঠনে বিশেষ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রেক্ষাপট তৈরির কাজও তাকে গুরুত্বের সঙ্গে সম্পন্ন করতে হবে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content