প্রতিনিধি 31 August 2026 , 1:26:09 প্রিন্ট সংস্করণ

রাজধানীর গেন্ডারিয়ার সামীবাগ মুন্সিরটেক এলাকায় রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পথচারী আশা আকতার (২০), পথচারী সিয়াম (১৮) এবং চা বিক্রেতা আলমগীর (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপির ৪০ নম্বর ওয়ার্ড সদস্য মো. মনির হোসেন ও তার ভাগনে রাসেলের সঙ্গে অস্ত্রধারী অটো সজলের (বর্তমানে কারাগারে) চাচা রাসেলের বিরোধ চলছিল। এক পর্যায়ে মনির হোসেন ও তার সহযোগীরা সজলের চাচা রাসেলকে মারধর করেন। এরপর মনির হোসেন ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় আয়েশা, রুবেল ও রাসেল নামে আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে আঘাত লেগেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গেন্ডারিয়া থানার ডিউটি অফিসার এএসআই ফরহাদ হোসেন গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: বিষয়টি থানা-পুলিশকে অবগত করা হয়েছে।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















