জাতীয়

উজানের ঢল ও ভারী বর্ষণে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

  প্রতিনিধি 5 August 2026 , 11:09:55 প্রিন্ট সংস্করণ

টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার। নদীটির এই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার, অর্থাৎ পানি বর্তমানে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬টা থেকেও একই মাত্রায় পানি বিপৎসীমা অতিক্রম করেছিল।

তিস্তার পানি বাড়ার ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাগুলোতেও পানি প্রবেশ করেছে। টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সকাল ৬টা থেকেই পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতের দিকে পানির প্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content