প্রতিনিধি 17 September 2026 , 8:00:54 প্রিন্ট সংস্করণ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ ও সম্ভাব্য পারস্পরিক চুক্তি নিয়ে ওমানের সালালাহ শহরে ইরান এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যকার নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বৈঠকটি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পারস্পরিক ঐকমত্যের স্বার্থেই সালালাহ শহরে আয়োজিত এই আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, পুরো অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং দীর্ঘস্থায়ী সহযোগিতার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ওমান প্রতিশ্রুতিবদ্ধ।
এরই মধ্যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে ব্রিকস জোটের সাম্প্রতিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেছে তেহরান। এ বিষয়ে ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের চিফ অব প্রটোকল আব্বাস মৌসাভি সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন এবং আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘনের কারণেই ব্রিকস সদস্য দেশগুলো সাহসী অবস্থান নিতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পেশিশক্তি প্রদর্শন, একপেশে নীতি এবং নিষেধাজ্ঞা প্রয়োগের বিরুদ্ধে এবারের ব্রিকস সম্মেলন একটি স্পষ্ট ও স্বচ্ছ বার্তা দিয়েছে।
উল্লেখ্য, বৈশ্বিক জিডিপির প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্বকারী ১১ সদস্যের ব্রিকস জোটের সম্মেলন গত রবিবার ভারতের নয়াদিল্লিতে সম্পন্ন হয়েছে। ওই সম্মেলনে গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়। তবে সেখানে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা কিংবা উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে তেহরানের পাল্টা হামলার বিষয়ে কোনো সরাসরি নিন্দা জানানো হয়নি।
সূত্র: গালফ বাংলা



















