আন্তর্জাতিক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা প্রধানমন্ত্রীর

  প্রতিনিধি 26 August 2026 , 5:33:26 প্রিন্ট সংস্করণ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৬ আগস্ট) দেশটিতে আঘাত হানা এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে পর্যটকদের সংখ্যাই বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই সংকটময় মুহূর্তে নেপালের সরকার ও সেদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি, নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

দুর্যোগের ভয়াবহতা বিবেচনায় নিয়ে নেপালের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে। এই কঠিন সময়ে নেপালের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার।

এদিকে, নেপালের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় বিভিন্ন সংস্থা ও উদ্ধারকারী দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content