প্রতিনিধি 9 August 2026 , 8:50:55 প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর প্রতিবাদে এবং ওই এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টা থেকে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সামনে ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুর ২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি অব্যাহত থাকায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ইয়াসিন আলী (১৭) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হন। নিহত ইয়াসিন পাবনার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে এবং পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া থাকতেন। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার বিচার ও নিরাপদ সড়কের দাবিতেই শিক্ষার্থীরা রোববার সকালে রাজপথে নেমে আসেন।
সূত্র: মানবজমিন



















