জাতীয়

তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ

  প্রতিনিধি 21 August 2026 , 10:46:30 প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য নতুন সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের নির্ধারিত সময়ে বঙ্গভবনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

নতুন মন্ত্রীদের তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ওই আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম আলোচনায় রয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল ৫০ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন; তবে তারা মন্ত্রিসভার সদস্য নন।

আজকের নতুন চারজন শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৪ জনে। এর ফলে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা হবে ২৮ জন এবং প্রতিমন্ত্রীর সংখ্যা হবে ২৫ জন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content