জাতীয়

দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের কঠোর আহ্বান

  প্রতিনিধি 5 August 2026 , 1:31:11 প্রিন্ট সংস্করণ

দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার জন্য দেশের সকল সংবাদমাধ্যমকে আবারও আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ আগস্ট) এক তথ্য বিবরণীর মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর ইতোপূর্বে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই আইনি নির্দেশনা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তথ্য বিবরণীতে আরও উল্লেখ করা হয়েছে যে, পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ রাখা এবং তার পূর্বে দেওয়া সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে সরিয়ে ফেলার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) আইনের সুস্পষ্ট ধারা উল্লেখ করে গণমাধ্যমগুলোকে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, গণমাধ্যমের একটি অংশ জুলাইয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে আদালতের নির্দেশনা মেনে চললেও কিছু কিছু গণমাধ্যম এখনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে সরকার সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে। যারা আদালতের নির্দেশনা মেনে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত রয়েছেন, তাদের প্রতি সরকার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে।

জুলাই আন্দোলনের মূল চেতনা সমুন্নত রাখতে এবং আইনি বাধ্যবাধকতা বজায় রাখতে টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়াসহ সকল প্রকার গণমাধ্যমকে পলাতক শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা বিবৃতি প্রচার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। জাতীয় ঐক্য এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় দেশের সকল গণমাধ্যম দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে বলে সরকার প্রত্যাশা ব্যক্ত করেছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content