জাতীয়

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার হবে: প্রধানমন্ত্রী

  প্রতিনিধি 5 August 2026 , 8:38:11 প্রিন্ট সংস্করণ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আইনের সঠিক প্রক্রিয়া মেনে প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচার নিশ্চিত করা হবে। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। উদ্বোধনের পর ‘জুলাই ৩৬’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন কায়েম করতে প্রতিটি অপরাধের বিচার হওয়া অপরিহার্য।

সরকার বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনের সময় শহীদ ও গুমের শিকার ব্যক্তিদের স্মরণে তাদের নিজ নিজ এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা দলের একক অর্জন নয়। এটি বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের সম্মিলিত সংগ্রাম। তাই এই স্মৃতি জাদুঘর যেন কোনো একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার মাধ্যম না হয়ে ওঠে, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা রক্ষার সংগ্রাম। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, একাত্তরের মুক্তিযোদ্ধাদের যেমন জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগও একইভাবে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বর্তমান সরকারের পক্ষ থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠার এই প্রতিশ্রুতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি বড় আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরপেক্ষ হবে বলে তিনি পুনরায় নিশ্চিত করেন।

বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content