আন্তর্জাতিক

প্রেক্ষাপট: মধ্যপ্রাচ্য সংকটের রাজনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

  প্রতিনিধি 26 August 2026 , 12:47:31 প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার বেইজিংয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। শি জিনপিং বলেন, চীন সবসময় একটি সর্বাত্মক যুদ্ধবিরতি এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে কাজ করে। এ সময় তিনি জর্ডানসহ আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

ফিলিস্তিন সংকটের স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধানের লক্ষ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক আলোচনার ওপর গুরুত্বারোপ করেছেন চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করা এখন সময়ের দাবি। জর্ডান বর্তমানে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত জোট এবং অন্যদিকে ওয়াশিংটন, ইসরাইল ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এক কঠিন ভূ-রাজনৈতিক অবস্থানে রয়েছে। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় জর্ডানের অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন শি জিনপিং।

বৈঠক শেষে দুই দেশ কূটনীতি, বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলসহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া এক যৌথ বিবৃতিতে উভয় পক্ষ হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুটে স্থিতিশীলতা বজায় রাখা এবং নৌ চলাচল নির্বিঘ্ন করার বিষয়ে দুই নেতা একমত পোষণ করেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content