প্রতিনিধি 8 August 2026 , 1:44:11 প্রিন্ট সংস্করণ

ওমানের কৃষি খাতে পাঁচ হাজার বাংলাদেশি শ্রমিক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন (ওএএ) এই নিয়োগের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে। ওমান ডেইলি অবজার্ভারের প্রতিবেদন অনুযায়ী, দেশটির শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এই কোটা ওমানজুড়ে নিবন্ধিত কৃষি অ্যাসোসিয়েশনগুলোর সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি অ্যাসোসিয়েশন সর্বোচ্চ ৩৩০ জন পর্যন্ত বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের সুযোগ পাবে। তবে এই আবেদন প্রক্রিয়াটি বর্তমানে শুধুমাত্র ওএএর আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহী আবেদনকারীদের বার্ষিক সদস্যপদ ফি বাবদ ২৫ ওমানি রিয়াল পরিশোধ করতে হবে।
আবেদনকারীদের প্রয়োজনীয় নথিপত্র হিসেবে কৃষি হোল্ডিং সনদ, জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের ইস্যুকৃত বৈধ ওয়ার্ক পারমিট এবং ২০২৬-২৭ মৌসুমের কৃষি চাষ ফরমের ফটোকপি জমা দিতে হবে। চাষকৃত ফসল ও জমির বিস্তারিত তথ্য সম্বলিত এই ফরমটি আবেদনের জন্য বাধ্যতামূলক। অসম্পূর্ণ বা প্রয়োজনীয় কাগজপত্রহীন আবেদনপত্র কর্তৃপক্ষ গ্রহণ করবে না বলে জানানো হয়েছে।
আগামী ৯ থেকে ২০ আগস্ট পর্যন্ত সরকারি কর্মদিবসে ইবরির আল মুরতাফায় অবস্থিত ওএএর কার্যালয়ে আবেদনপত্র জমা নেওয়া হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ওমানের কৃষি সনদ প্রদানকারী কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অনুমোদিত এই পাঁচ হাজার শ্রমিকের কোটা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মধ্যে সুনির্দিষ্ট নিয়মে বণ্টন করা হয়েছে।
সূত্র: গালফ বাংলা










