প্রতিনিধি 26 August 2026 , 2:21:25 প্রিন্ট সংস্করণ

শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকদের মধ্যে রয়েছেন ডেইলি স্টারের জাহিদ হাসান, নিউজ টোয়েন্টিফোর ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার এবং মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বরকত মোল্লা। অভিযোগ উঠেছে, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে।

ঘটনার পর বিষয়টি জানতে চেয়ে জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সোনালী নিউজের শরীয়তপুর প্রতিনিধি পলাশ খান বিএনপি নেতা আরিফুজ্জামান মোল্লাকে ফোন করেন। এ সময় আরিফুজ্জামান মোল্লা ক্ষিপ্ত হয়ে তাকেও হুমকি দেন। তিনি বলেন, ‘তোমরা লিখবা, আমরা পিডামু। আরও তো মারুম, শুধু এহন না। আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে, অনেকেই লিস্টে আছে। তুমি নিজেও তৈরি থাক।’ তিনি আরও বলেন, ‘তুমি আমারে ফোন করছ, তোমার পিছনে আরএস, সিএসটা দেখ।’
সাংবাদিক পলাশ খান জানান, পেশাগত দায়িত্ব পালনকালে সহকর্মীদের ওপর হামলার বিষয়টি তিনি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপি নেতা আরিফ মোল্লার বিরুদ্ধে আমাদের তিন সহকর্মীকে মারধর করার অভিযোগ রয়েছে। এর প্রতিবাদ করায় আমাকেও তিনি হুমকি দিয়েছেন। আমি এ বিষয়ে লিখিতভাবে আইনি পদক্ষেপ নেব।’ তবে এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া ও সদর সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, সাংবাদিকদের ওপর আক্রমণের বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
সূত্র: মানবজমিন



















