সারাদেশ

চাঁদপুরে সমবায় সমিতির সদস্যদের ৪ কোটি টাকা ফেরতের প্রতিশ্রুতি চেয়ারম্যান জুলহাসের

  প্রতিনিধি 6 August 2026 , 3:18:42 প্রিন্ট সংস্করণ

চাঁদপুরে স্থবির হয়ে পড়া সমবায় সমিতির কার্যক্রম পুনরায় সচল করার ঘোষণা দিয়েছেন যুবধারার চেয়ারম্যান মো. জুলহাস মিয়া। সমিতির সদস্যদের পাওনা প্রায় ৪ কোটি টাকা ফেরত দেওয়া এবং সমিতির বিনিয়োগ করা অর্থ উত্তোলনের সুযোগ চেয়ে বুধবার (৫ আগস্ট) হাজীগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে লিখিত বক্তব্যে জুলহাস মিয়া সমিতির বর্তমান পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৩ সালে সমিতির কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে সঞ্চয় ও বিনিয়োগের কিস্তির টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এতে সদস্যদের মধ্যে আস্থার সংকট তৈরি হয় এবং সঞ্চয় উত্তোলনের চাপ বেড়ে যায়। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরবর্তী সময়ে কিছু স্বার্থান্বেষী মহল তার বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করা হয় এবং বিনিয়োগ গ্রহণকারী গ্রাহকরা কিস্তি পরিশোধ বন্ধ করে দেন। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই তিনি সমিতির দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হন।

জুলহাস মিয়া দাবি করেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নিজের ব্যক্তিগত সম্পদ বিক্রি করে গ্রাহকদের প্রায় ৩ কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করেছেন। বর্তমানে সমিতির কাছে গ্রাহকদের পাওনা রয়েছে প্রায় ৪ কোটি টাকা। তবে সমিতির বিপরীতে প্রায় ১৮ কোটি টাকার বিনিয়োগ রয়েছে, যা কার্যক্রম বন্ধ থাকায় উত্তোলন করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, সমিতির অফিসিয়াল কার্যক্রম চালু করতে পারলে বিনিয়োগের অর্থ সংগ্রহ করে ধারাবাহিকভাবে সদস্যদের সঞ্চয়ের টাকা পরিশোধ করা সম্ভব হবে।

সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি আপনাদের সঞ্চয়ের টাকা ফেরত দিতে চাই। এজন্য সমিতির কার্যক্রম পুনরায় শুরু করতে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমাদের বিনিয়োগের পরিমাণ আপনাদের সঞ্চয়ের তুলনায় প্রায় চার গুণ বেশি, তাই বিনিয়োগের অর্থ উত্তোলন করা গেলে পাওনা পরিশোধ করা সহজ হবে।” হাজীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content