প্রতিনিধি 18 September 2026 , 5:02:26 প্রিন্ট সংস্করণ

আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ প্রতিনিধি দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশ হিসেবে মার্কিন প্রশাসন এই ভ্রমণের অনুমতি দিলেও প্রতিনিধি দলের আকার অত্যন্ত সংক্ষিপ্ত রাখার কথা জানিয়েছে। একই সঙ্গে, তাদের চলাফেরার ওপর কঠোর বিধিনিষেধ এবং বিলাসপণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দুই দেশের মধ্যে সামরিক অচলাবস্থার মাঝেই এই অধিবেশন শুরু হচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শেষের দাবি করেছিলেন, তবুও ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ইরানি নেতাদের অংশগ্রহণের সুযোগ দিলেও টানা দ্বিতীয় বছরের মতো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই শাস্তিমূলক নীতি শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার বদলে বরং দখলদার শক্তিকে দ্বি-রাষ্ট্র সমাধান নষ্ট করতে উৎসাহিত করবে।
সূত্র: মানবজমিন



















