প্রতিনিধি 8 August 2026 , 10:21:58 প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন কোনোভাবেই দলীয় ইতিহাস চর্চার কেন্দ্রে পরিণত না হয়, সেই আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৮ আগস্ট) সকালে জাদুঘরটি পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জাদুঘরের একটি জাতীয় চরিত্র থাকা উচিত, যাতে সব মানুষ একে ধারণ করতে পারে এবং প্রকৃত সত্য ফুটে ওঠে। অতীতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও দলীয়করণের চর্চা হয়েছে। এক দল ক্ষমতায় এলে পাঠ্যপুস্তক ও ইতিহাস বদলে ফেলা হয়েছে, যা কাম্য নয়। তিনি জোর দিয়ে বলেন, এই জাদুঘরটি প্রকৃত ইতিহাস চর্চার জায়গা হিসেবেই টিকে থাকা প্রয়োজন।
পরিদর্শনকালে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম জানান, এর আগেও তারা জাদুঘরটি পরিদর্শন করেছেন এবং বর্তমান সরকারের উদ্যোগে সেখানে কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন।
তবে কিছু পরিবর্তনের বিষয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। নাহিদ ইসলাম বলেন, আগে এখানে সীমান্ত হত্যার শিকার ব্যক্তিদের তালিকা ও ফেলানির ভাস্কর্য ছিল, যা সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া মোদিবিরোধী আন্দোলনের কিছু ছবিও সরিয়ে দেওয়া হয়েছে। তার মতে, সরকার হয়তো ভারতকে খুশি করতে এমনটি করেছে, কিন্তু প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক মর্যাদার ভিত্তিতে।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















