জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে মাঠে প্রশাসন, সচেতনতায় র‌্যালি ও ফগিং কার্যক্রম

  মাগুরা প্রতিনিধি : ৬ জুন ২০২৬ , ২:৫০:৪২ প্রিন্ট সংস্করণ

ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি ও ফগিং কার্যক্রম। জেলা প্রশাসনের আয়োজনে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি জনমনে সচেতনতার বার্তা পৌঁছে দেয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ফগিং মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কারণ সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে ডেঙ্গুর বিস্তার রোধ করতে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়ার আগেই এমন কার্যক্রম জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে। র‌্যালি ও ফগিং কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন নগর গড়ার বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে। ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গঠনে প্রশাসনের এমন ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content