জাতীয়

দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

  প্রতিনিধি 18 August 2026 , 1:20:07 প্রিন্ট সংস্করণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ড. জাকির হোসেন খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী তাদের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া একই আইনের ৫ ধারার উপধারা (১) অনুযায়ী বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বিস্তারিত পরিচয় প্রজ্ঞাপনে উল্লেখ করা না হলেও, তাদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমপর্যায়ের হবে। অন্যদিকে, কমিশনার ড. জাকির হোসেন খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ের পদমর্যাদা ও সুবিধা ভোগ করবেন।

এর আগে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ দুদকের শীর্ষ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছিল। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৭ ধারা অনুযায়ী গঠিত বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এই নিয়োগ চূড়ান্ত করেছেন। আইন অনুযায়ী, দুদক সর্বোচ্চ পাঁচজন কমিশনারের সমন্বয়ে গঠিত হয় এবং তাদের মধ্য থেকেই একজনকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। কমিশনার হওয়ার জন্য আইন, বিচার, প্রশাসন, শিক্ষা, হিসাব-নিরীক্ষা, শৃঙ্খলা বাহিনী, আর্থিক প্রতিষ্ঠান বা দুর্নীতিবিরোধী কার্যক্রমে কমপক্ষে ২০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content