প্রতিনিধি 6 September 2026 , 10:40:49 প্রিন্ট সংস্করণ

কাতার ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পাঁচ বছর মেয়াদী একটি ঐতিহাসিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কাতার মিউজিয়ামস (QM) এবং উজবেকিস্তানের আর্ট অ্যান্ড কালচার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ACDF)-এর মধ্যে এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ একটি স্থায়ী কাঠামোর আওতায় এলো। এতদিন এই সম্পর্ক মূলত বিচ্ছিন্ন প্রদর্শনী ও পারস্পরিক সদিচ্ছার ওপর নির্ভর করলেও, নতুন এই উদ্যোগের ফলে তা আরও গতিশীল ও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

কাতারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ও কাতার মিউজিয়ামস বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য ড. মারিয়াম বিনতে আলি বিন নাসের আল মিসনাদ এবং এসিডিএফ-এর চেয়ারপারসন গায়ানে উমেরোভা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। কাতারের বৃহত্তর সাংস্কৃতিক কূটনীতি এবং ‘ইয়ার্স অব কালচার’ উদ্যোগের অংশ হিসেবে এই চুক্তিটি বাস্তবায়িত হবে। এর মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন, সৃজনশীল অর্থনীতির বিকাশ, যৌথ গবেষণা এবং শৈল্পিক প্রকল্প বাস্তবায়নে উভয় দেশ একযোগে কাজ করবে।
চুক্তি সম্পর্কে কাতার মিউজিয়ামসের চেয়ারপারসন হিজ হাইনেস শেখা আল-মায়াসা বিনতে হামাদ বিন খলিফা আল থানি বলেন, “সংস্কৃতিতে বিনিয়োগ মানে মূলত মানুষের মেধা ও দক্ষতায় বিনিয়োগ।” তিনি আরও উল্লেখ করেন যে, ঐতিহ্য সংরক্ষণ এবং প্রতিভা বিকাশকে একসাথে যুক্ত করে এই অংশীদারিত্ব আন্তর্জাতিক মঞ্চে সৃজনশীল পেশাজীবীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। অন্যদিকে, গায়ানে উমেরোভা উজবেকিস্তানের দীর্ঘ ঐতিহাসিক সভ্যতার কথা তুলে ধরে একে শিল্পী ও স্থানীয় সম্প্রদায়ের টেকসই ভবিষ্যতের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।
এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি এমন এক সময়ে এলো যখন দোহার মিউজিয়াম অব ইসলামিক আর্টে ‘উজবেকিস্তান: হেরিটেজ ইন মোশন’ শীর্ষক প্রদর্শনী চলছে, যা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। একই সাথে সেখানে প্রদর্শিত হচ্ছে ‘একতাশাফ উজবেকিস্তান’ প্রদর্শনীটি, যেখানে তাসখন্দ, সমরকন্দ এবং বুখারার সিল্ক রোডের ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে কাতারী শিল্পীদের তৈরি মূল শিল্পকর্ম স্থান পেয়েছে। এর আগে প্রথম ‘ডিজাইন দোহা বিয়েনিয়াল’-এ উজবেকিস্তানের অংশগ্রহণ দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা যোগ করেছিল।
উল্লেখ্য যে, দেশ দুটির মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা দীর্ঘদিনের। ইতিপূর্বে সমরকন্দের ঐতিহাসিক এবং তৈমুরি আমলের অন্যতম বৃহৎ স্থাপত্য বিবি খানম মসজিদ কমপ্লেক্স পুনরুদ্ধারের জন্য কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট (QFFD)-এর পক্ষ থেকে ৪ দশমিক ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদান করা হয়েছিল। নতুন এই পাঁচ বছর মেয়াদী চুক্তির ফলে দুই দেশের এই সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও বেশি গতিশীল ও সুসংহত হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
সূত্র: গালফ বাংলা


















