প্রতিনিধি 26 August 2026 , 5:02:18 প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। রিপাবলিকান এই নেতার দ্বিতীয় মেয়াদে চলমান অভিবাসনবিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই প্রশিক্ষণের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই ভিসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টগুলো নতুন করে নির্ধারণ করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন রোধে ব্যাপক অভিযান চালাচ্ছে, যার আওতায় ভিসা ও গ্রিন কার্ড বাতিলসহ বিভিন্ন আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। প্রশাসনের দাবি, এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। তবে এই নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার এক মার্কিন বিচারক ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার একটি সরকারি নীতি বাতিল করে দিয়েছেন। বিচারকের মতে, এই নীতি বাস্তবায়নের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই প্রশিক্ষণের বিস্তারিত সময়সীমা বা কার্যপদ্ধতি সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো কনস্যুলার কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো, যাতে তারা এমন আবেদনকারীদের সহজেই শনাক্ত করতে পারেন যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সামাজিক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। এছাড়া সব ভিসা আবেদনকারীকে সামগ্রিক ও ধারাবাহিকভাবে মূল্যায়ন নিশ্চিত করাও এই প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য। এর আগে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, বিভিন্ন দূতাবাস ও কনস্যুলেটে সাক্ষাৎকারের তারিখ পাওয়া আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পুনঃনির্ধারণের বিষয়টি জানতে পেরেছেন এবং তাদের নতুন তারিখ পরে জানানো হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
ট্রাম্পের এই অভিবাসনবিরোধী অভিযান নিয়ে মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এই পদক্ষেপগুলো বৈষম্যমূলক এবং এগুলো মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। অধিকারকর্মীদের মতে, এই অভিযান যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করছে এবং বর্ণভিত্তিক হয়রানির ঝুঁকি বাড়িয়ে তুলছে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় ডনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তার প্রশাসনের বর্তমান কার্যক্রম শুধু অবৈধ অভিবাসনের মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং বৈধ অভিবাসন প্রক্রিয়াও আগের চেয়ে কঠিন হয়ে পড়েছে। এর অংশ হিসেবে নির্দিষ্ট কিছু কর্মসংস্থানভিত্তিক ভিসার আবেদনকারীদের ওপর নতুন ও ব্যয়বহুল ফি আরোপের মতো সিদ্ধান্তও কার্যকর করা হয়েছে।
সূত্র: মানবজমিন



















