প্রতিনিধি 20 August 2026 , 8:33:23 প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। যুগ্ম সচিব সাইফুল ইসলামের সই করা এই আদেশে জনস্বার্থে বদলির বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই প্রজ্ঞাপনে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমানকে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে ২৫ আগস্ট থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বর মাসে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার দায়িত্ব পালনকালে সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীসহ ১৭১টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল, যদিও জাহাঙ্গীর আলম সেই সময় সব অভিযোগ অস্বীকার করেছিলেন।
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি চাকরিতে বদলি একটি নিয়মিত ও চলমান প্রক্রিয়া। তিনি আরও জানান, কেবল চট্টগ্রাম নয়, কুমিল্লাসহ দেশের অন্যান্য জেলাতেও একই ধরনের বদলির আদেশ হয়েছে বলে তিনি অবগত আছেন।
সূত্র: প্রথম আলো



















