প্রতিনিধি 20 August 2026 , 2:59:04 প্রিন্ট সংস্করণ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল ৫টা পর্যন্ত চলে। বর্তমানে ভোট গণনার কাজ চলছে এবং গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হবে।

নির্বাচনে জাতীয় সংসদের সরকার ও বিরোধী দলের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নিজেদের ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর তারা বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসেন এবং ভোট দেন। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও তার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর তিনি বিরোধী দলের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ভোটগ্রহণের শুরু থেকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ কক্ষে নিজের আসনে বসে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। এ সময় তার পাশেই ছিলেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনও সেখানে উপস্থিত ছিলেন।
নিজের আসনে বসে থাকার সময় প্রধানমন্ত্রী সামনে থাকা সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পরবর্তীতে বিকেল ৩টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী সংসদ কক্ষ ত্যাগ করে নিজের কার্যালয়ে ফিরে যান। এ সময় তার সঙ্গে ছিলেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে সংসদ কক্ষে ভোট গণনার কাজ চলছে।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















