প্রতিনিধি 9 August 2026 , 12:23:30 প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে তাদের হাতে নতুন টিনের ঘরের চাবি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই চাবি হস্তান্তর করেন।

এ সময় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বাঁশখালী উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। এই জলাবদ্ধতায় শত শত মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুকুর, জলাশয় ও মাছের ঘের তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় স্থানীয়রা।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















