প্রতিনিধি 18 August 2026 , 5:25:36 প্রিন্ট সংস্করণ

রাশিয়ার সশস্ত্র বাহিনীর ‘বদনাম’ করা এবং তাদের সম্পর্কে ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগে লেভ শ্লাসবার্গ নামের এক রাজনীতিককে ১১ বছর ১ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তিনি রাশিয়ায় ইউক্রেন যুদ্ধবিরোধী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। গতকাল সোমবার পসকভ শহরের একটি আদালত ৬৩ বছর বয়সী শ্লাসবার্গের বিরুদ্ধে এই কঠোর রায় ঘোষণা করেন।

আদালতের রায়ের তীব্র নিন্দা জানিয়ে শ্লাসবার্গ বলেছেন, ‘এ রায়ের একমাত্র লক্ষ্য একজন ব্যক্তিকে তাঁর রাজনৈতিক, সামাজিক ও নাগরিক অবস্থানের জন্য শাস্তি দেওয়া।’ শ্লাসবার্গ রাশিয়ার উদারপন্থী রাজনৈতিক দল ইয়াবলোকোর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চতর আদালতে আপিল করবেন। শ্লাসবার্গের বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দলটির দাবি।
এদিকে শ্লাসবার্গকে কারাদণ্ড দেওয়ার আগে তাঁর দল ইয়াবলোকোর পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইয়াবলোকো এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল, কিন্তু শ্লাসবার্গের কারাদণ্ড ঘোষণার মাত্র কয়েক মিনিট আগে সুপ্রিম কোর্ট সেই আপিল খারিজ করে দেন।
উল্লেখ্য, ইয়াবলোকোই রাশিয়ার একমাত্র নিবন্ধিত রাজনৈতিক দল, যারা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার শুরু করা পূর্ণমাত্রার আগ্রাসনের প্রকাশ্যে বিরোধিতা করেছিল। এখন এই দলটিকে নিষিদ্ধ করা এবং শ্লাসবার্গকে কারাদণ্ড দেওয়ার ফলে রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অবশিষ্ট সামান্য রাজনৈতিক বিরোধিতাটুকুও দমন হয়ে গেল। উল্লেখ্য, প্রায় ২৭ বছর ধরে রাশিয়ার ক্ষমতায় আছেন পুতিন।
সূত্র: প্রথম আলো



















