নিজস্ব প্রতিবেদক, ১৫ মে ২০২৬ , ২:৪৮:৫৮ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীর আগমনকে ঘিরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শুক্রবার (১৫ মে) দুপুরে শ্রীপুর সরকারি এমসি পাইলট স্কুল গেটসংলগ্ন এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান রূপ নেয় বিশাল রাজনৈতিক জনসমাবেশে। দলীয় স্লোগান, ব্যানার-ফেস্টুন আর নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পুরো এলাকা ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর।

শ্রীপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা কৃষক দলের সভাপতি ও রাজনৈতিক প্রেস সচিব রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, যুগ্ম আহ্বায়ক-১ খন্দকার আশরাফুল ইসলাম নালিম, স্বেচ্ছাসেবক দল নেতা আতিক বিল্লাহ, কৃষক দল নেতা বিএম পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটি, সাংগঠনিক সম্পাদক জেসমিন রহমান স্মৃতি, সহ-সাংগঠনিক সম্পাদক পাপিয়া শারমিন, পৌর আহ্বায়ক খুরশিদা ইয়াসমিন ইতি, জেলা কমিটির সদস্য রুনা সালাম, হোসনে আরা খাতুন পলিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মনোয়ার হোসেন খান বলেন, শ্রীপুর উপজেলার কোনো ইউনিয়নে আর কাঁচা রাস্তা থাকবে না। পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় পাকা ইটের হেরিংবন্ড ও সলিং রাস্তা নির্মাণ করা হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী আবেগঘন বক্তব্যে বলেন, আমরা দুই ভাই-বোন মিলে শ্রীপুরবাসীর সকল দাবি-দাওয়া পূরণে আন্তরিকভাবে কাজ করবো। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিজেদের সম্পৃক্ত রাখাই আমাদের অঙ্গীকার। তিনি আরও বলেন, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল—এই তিন জেলার মানুষের প্রত্যাশা ও অধিকার আদায়ে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে তিনি বদ্ধপরিকর। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা। এসময় সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।













