রাজনীতি

শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন, চাইছেন আইনমন্ত্রী

  প্রতিনিধি 7 August 2026 , 9:49:36 প্রিন্ট সংস্করণ

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। মন্ত্রী বলেন, আমি চাই তিনি দেশে ফিরে গণহত্যার দায়ভার গ্রহণ করে কারাগারে যান এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ এবং এটি নিজস্ব গতিতেই কাজ করবে।

শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা এবং প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আমরা অস্বীকার করতে পারি না যে, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যার গুরুতর অভিযোগ রয়েছে। তিনি যদি সত্যের মুখোমুখি হতে চান, তবে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেকে বলছেন তিনি ভিডিও কনফারেন্সে বক্তব্য দিয়েছেন। কিন্তু সেটি ছিল রেকর্ড করা অডিও, যা নিয়ে এআই প্রযুক্তির ব্যবহারের বিষয়টিও সামনে আসছে। তিনি যেখানেই থাকুন, আইনের দৃষ্টিতে তিনি একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ক্রসফায়ারে সাড়ে চার হাজার মানুষ হত্যা এবং জুলাই বিপ্লবে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, যারা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে বেশি কথা বলছেন, তারা একবার নিজেদের বিবেককে প্রশ্ন করুন—এত অভিযোগ ও ঘটনার পরও তিনি কি কখনও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন? একবারও কি তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন?

Facebook Comments Box

আরও খবর

Sponsered content