প্রতিনিধি 12 September 2026 , 2:19:10 প্রিন্ট সংস্করণ

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অনিয়ম রোধে কঠোর অবস্থান নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মন্ত্রী বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় রোগীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, প্রয়োজনে চিকিৎসকদের পাওয়া যায় না এবং দায়িত্বপ্রাপ্ত নার্সদের সেবার মান ও আন্তরিকতা নিয়েও ঘাটতি রয়েছে। রোগীদের এসব অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করে জানান, চিকিৎসাসেবায় যেকোনো ধরনের অবহেলা বা অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অবস্থাতেই রোগীদের ভোগান্তি মেনে নেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
একই দিনে স্বাস্থ্যমন্ত্রী হাম রোগ প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহের তথ্য তুলে ধরেন। তিনি জানান, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এছাড়া আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হতে যাচ্ছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও মন্ত্রী নিশ্চিত করেছেন।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















