আন্তর্জাতিক

প্রেক্ষাপট: বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান

  প্রতিনিধি 23 August 2026 , 9:44:19 প্রিন্ট সংস্করণ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্তানুসারে, আবদুর রহমান খানকে তাঁর অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও এ সংক্রান্ত অন্যান্য সুবিধা সাময়িকভাবে স্থগিত রাখতে হবে। এছাড়া দায়িত্ব পালনকালে তাঁকে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো ধরনের পেশা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকা থেকে বিরত থাকতে হবে। তাঁর নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

উল্লেখ্য, মো. আবদুর রহমান খান ২০২৪ সালের ১৪ আগস্ট এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছরের ২৯ জুন এনবিআর চেয়ারম্যান হিসেবে তাঁর চাকরির মেয়াদ শেষ হয়। বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং সংস্থাটির নীতিনির্ধারণী বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখবেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content