প্রতিনিধি 20 August 2026 , 10:07:36 প্রিন্ট সংস্করণ

অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। বিদায়ের প্রাক্কালে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে বিদায় জানান।

বিদায় অনুষ্ঠানের শুরুতে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এরপর উপস্থিত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, তিন বাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। বিদায় নেওয়ার আগে হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, সমৃদ্ধি ও সরকারের সাফল্য কামনা করেন। পরে নির্ধারিত প্রটোকল অনুযায়ী গাড়িবহর নিয়ে তিনি বঙ্গভবন এলাকা ত্যাগ করেন।
গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এদিকে, দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোটের প্রার্থী হিসেবে অলি আহমেদের নাম রয়েছে।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















