প্রতিনিধি 11 September 2026 , 9:35:50 প্রিন্ট সংস্করণ

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহার উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন রোগী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৫৯ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন, রাজশাহী বিভাগে ১২২ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রংপুর বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৪৮ হাজার ৪৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে সুস্থতার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩০৪ জন। এ নিয়ে চলতি বছরে মোট ৪৪ হাজার ৮৫৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উল্লেখ্য, এর আগের বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















