দুর্ঘটনা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু

  প্রতিনিধি 21 August 2026 , 11:50:26 প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। এদের মধ্যে ওজাইফার বাবার নাম আলআমিন, আফসার বাবা মুন্না, রিয়া মনির বাবা জাহাঙ্গীর এবং রুবাইয়ার বাবা রাকিব। নিহতরা সবাই স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে তাদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি চালিয়ে চার শিশুকে উদ্ধার করেন। উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ধারণা করা হচ্ছে শিশুগুলো পুকুরপাড়ে খেলা করছিল। তাদের মধ্যে একজন হয়তো পানিতে পড়ে গিয়েছিল এবং তাকে উদ্ধার করতে গিয়ে বাকিরাও ডুবে যায়। পুকুর থেকে মরদেহ উদ্ধারের সময় দেখা যায়, বড় মেয়েটির পা ধরে আছে অন্য দুই শিশু। এভাবেই তারা পানিতে তলিয়ে যায় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল জানান, হাসপাতালে আনার আগেই শিশুগুলোর মৃত্যু নিশ্চিত হয়েছিল। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content