আইন-আদালত

প্রতিমন্ত্রীর সই জালের অভিযোগে নারী গ্রেপ্তার

  প্রতিনিধি 16 September 2026 , 9:06:27 প্রিন্ট সংস্করণ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগে তাসলিমা পারভীন (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে তাকে আটক করা হয়। পরে অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

পুলিশ জানায়, সরকারি চাকরির জন্য একটি আবেদনপত্র নিয়ে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দপ্তরে হাজির হয়েছিলেন অভিযুক্ত তাসলিমা। ওই আবেদনে প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বেশ কয়েকজনের সুপারিশ রয়েছে বলে তিনি দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় প্রধান প্রকৌশলী তাৎক্ষণিকভাবে আবেদনের একটি ছবি তুলে তা প্রতিমন্ত্রীর কাছে পাঠান এবং সুপারিশের সত্যতা যাচাই করেন। এর জবাবে প্রতিমন্ত্রী জানান, এই সুপারিশটি তার নয়।

এরপর আবেদনপত্রে উল্লিখিত অন্যান্য ব্যক্তিদের সাথেও প্রধান প্রকৌশলী যোগাযোগ করেন, কিন্তু কোথাও সুপারিশের সত্যতা পাওয়া যায়নি। এসআই শরিফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী সই জালের কথা স্বীকার করেছেন। বুধবার তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content