সারাদেশ

প্রেক্ষাপট: মক্কায় সই হলো সৌদি-তুরস্ক-পাকিস্তানের মেগা প্রতিরক্ষা চুক্তি

  প্রতিনিধি 8 August 2026 , 7:49:54 প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় তিন দেশের প্রতিনিধিরা ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নামে এই ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই এই চুক্তির মূল লক্ষ্য।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সম্মিলিতভাবে তিন দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। যেকোনো বহিঃশত্রুর আগ্রাসন প্রতিহত করতে পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ওপর এতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে প্রতিটি দেশ সুনির্দিষ্টভাবে কী ধরনের সামরিক সহায়তা প্রদান করবে বা তাদের দায়িত্বের পরিধি কতটুকু হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তুরস্কের একজন কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, এই চুক্তিতে সম্মিলিত প্রতিরক্ষার একটি ধারা রয়েছে। এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং আত্মরক্ষার ক্ষেত্রে তিন দেশের পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার এতে অন্তর্ভুক্ত রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও জানান, চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশ বা পক্ষকে লক্ষ্য করে করা হয়নি। আঞ্চলিক অন্যান্য দেশও চাইলে এতে যোগ দিতে পারবে এবং এটি বিদ্যমান কোনো দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির বিকল্প নয়।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান—তিন দেশই যুক্তরাষ্ট্রের মিত্র এবং সুন্নি-প্রধান দেশ। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার ঘটনায় তিন দেশই উদ্বেগ প্রকাশ করে আসছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর অঞ্চলজুড়ে সংঘাতের ঝুঁকি বেড়েছে। এমন পরিস্থিতিতে তিন দেশের মধ্যে নতুন এই প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content