সারাদেশ

মিরপুরে প্রাইভেট কার থেকে গুলি: বিএনপি নেতাসহ আহত ২, নেপথ্যে মাদক ব্যবসা

  প্রতিনিধি 7 August 2026 , 2:52:11 প্রিন্ট সংস্করণ

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের ‘বি’ ব্লকে শুক্রবার বিকেলে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ দুজন আহত হয়েছেন। আহত আলমগীর হোসেন (৪৫) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং পেশায় মাছের আড়তদার। ঘটনার সময় তিনি মিরপুর ১১ নম্বরের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেট কার থেকে চারজন সন্ত্রাসী নেমে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার শিকার আলমগীরের মাথা ও পিঠে তিনটি গুলি লেগেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমগীর জানান, তিনি পুরান ঢাকার সোয়ারীঘাটে মাছের আড়তের ব্যবসা করেন এবং সপরিবার মিরপুর ১১ নম্বরে বসবাস করেন। তিনি দাবি করেছেন, হামলাকারীদের মধ্যে রুবেল ও বাপ্পী নামের দুজনকে তিনি চিনতে পেরেছেন, যারা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে কেন তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

এই ঘটনায় জোসনা (৬৫) নামের স্থানীয় এক পথচারী নারীও আহত হয়েছেন। তাঁর পায়ে গুলি লেগেছে এবং তাঁকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী, আহত পথচারী জোসনা মিরপুর ১১ নম্বরের ‘বি’ ব্লকের বাসিন্দা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির জানিয়েছেন, স্থানীয় সন্ত্রাসী রুবেল ওরফে ল্যাংড়া রুবেলের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের একটি সংস্থার তথ্যমতে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে ল্যাংড়া রুবেলের সঙ্গে আলমগীরের দীর্ঘদিনের শত্রুতা ছিল। সেই বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

লালবাগ–নবাবগঞ্জ রোড ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য তিনি।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content