জাতীয়

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ, ১২ সদস্য নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম

  প্রতিনিধি 4 August 2026 , 4:46:21 প্রিন্ট সংস্করণ

রাষ্ট্র সংস্কারের দাবির প্রেক্ষাপটে গঠিত সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে দুপুর ১২টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার ধারাবাহিকতায় সরকার এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ১২ জন সদস্য নিয়ে কমিটির কার্যক্রম শুরু হচ্ছে। গত ১৩ জুলাই জাতীয় সংসদে এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ। মোট ১৭ সদস্যের কমিটির মধ্যে বিরোধী দলের জন্য পাঁচটি পদ ফাঁকা রাখা হয়েছে। বিরোধী দল থেকে নাম প্রস্তাব করা হলে পরবর্তীতে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত বিরোধী দল এই কমিটিতে যোগ দেয়নি, ফলে আপাতত ১২ সদস্য নিয়েই কাজ শুরু হচ্ছে।

কমিটির প্রথম দিনের বৈঠক মূলত পরিচিতি পর্ব এবং পরবর্তী আলোচনার বিষয়বস্তু নির্ধারণের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে। দ্বিতীয় বৈঠক থেকে সংবিধানের বিভিন্ন বিধান নিয়ে কার্যকর ও বিস্তারিত আলোচনা শুরু হবে। বিশেষ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা, নির্বাহী বিভাগের কর্তৃত্ব, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির মতো বিষয়গুলো আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে বলে আশা করা হচ্ছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, ঝিনাইদহ-১ আসনের মোহাম্মদ আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের আন্দালিব রহমান পার্থ এবং পটুয়াখালী-৩ আসনের মোহাম্মদ নুরুল হক।

এছাড়া কমিটির সদস্য হিসেবে আরও রয়েছেন চট্টগ্রাম-৫ আসনের মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নাটোর-১ আসনের ফারজানা শারমিন, সংরক্ষিত নারী আসনের শাকিলা ফারজানা, শেরপুর-৩ আসনের মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং বরগুনা-১ আসনের মোহাম্মদ অলিউল্লাহ। রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জাতীয় ঐকমত্যের মাধ্যমে সংবিধান সংশোধনের এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। যদিও বিরোধী দল শুরু থেকেই সংবিধান সংশোধনের চেয়ে সংস্কারের ওপর বেশি গুরুত্ব দিয়ে আসছে।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Facebook Comments Box

আরও খবর

Sponsered content