জাতীয়

সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ

  প্রতিনিধি 10 September 2026 , 10:41:33 প্রিন্ট সংস্করণ

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার প্রয়োগ এবং বুলিংয়ের মতো অপরাধ নিয়ন্ত্রণে একটি যুগোপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে এই আইন তৈরির লক্ষ্যে গঠিত কমিটির সভার শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সাইবার জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ঘটছে, তা থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া জরুরি। মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও পরামর্শ নিয়ে একটি কার্যকর ও সঠিক আইন তৈরির লক্ষ্যেই কাজ করছে এই কমিটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি সহিংসতা ও বুলিংয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব কর্মকাণ্ড কেবল নির্দিষ্ট ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং সামগ্রিকভাবে সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটছে, যা দেশের জন্য বিপর্যয়কর হতে পারে। সরকার দেশের মানুষকে সাইবার জগতের সব ধরনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content