প্রতিনিধি 16 August 2026 , 9:38:27 প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সিমেন্ট তৈরির কাঁচামালবাহী জাহাজ ‘এমভি আনাসসা’ আলফা অ্যাংকরেজে নোঙর করার সময় সেখানে আগে থেকে অবস্থানরত ‘এমভি জাহান জাহাব’ নামের জাহাজটিকে ধাক্কা দেয়। প্রবল স্রোতের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সংঘর্ষের ফলে এমভি আনাসসার বাইরের অংশে সামান্য ক্ষতি হলেও কোনো জাহাজে পানি ঢোকেনি। উভয় জাহাজই নিরাপদে আলাদা হয়ে পুনরায় নোঙর করেছে এবং বহির্নোঙরে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। জাহাজ দুটিতে মোট ২১ জন নাবিক রয়েছেন, যারা সবাই অক্ষত ও নিরাপদ আছেন। জানা গেছে, এমভি আনাসসা প্রায় ৩৫ হাজার টন সিমেন্ট তৈরির কাঁচামাল বা স্ল্যাগ নিয়ে এসেছে। অন্যদিকে, এমভি জাহান জাহাব গত ২৬ জুলাই মোংলা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে এবং পরবর্তী গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
উল্লেখ্য, কয়েক দিনের ব্যবধানে এটি বহির্নোঙরে দ্বিতীয় জাহাজ দুর্ঘটনা। এর আগে গত শুক্রবার ডিজেলবাহী ট্যাংকার ‘এমটি সি স্পাইক’ নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার ‘এমভি সান শাইন’-এর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনাসসায় প্রায় ৩৫ হাজার টন সিমেন্ট তৈরির কাঁচামাল স্ল্যাগ আনা হয়েছে।
সূত্র: প্রথম আলো



















