প্রতিনিধি 17 September 2026 , 12:37:54 প্রিন্ট সংস্করণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পাওয়ার আশায় নিজের অবস্থান জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন জয়পুরহাটের ক্ষেতলালের বড়াইল ইউনিয়ন বিএনপির সদস্য মো. আলমগীর হোসেন মোল্লা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন সড়কে এই মোটরসাইকেল শোডাউন চলে। এরপর দক্ষিণ হাটশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় তিন হাজার মানুষের জন্য এক বিশাল ভূরিভোজের আয়োজন করা হয়।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, হাটশহর গ্রামের একটি ক্লাবঘরের সামনে ১০ থেকে ১২ জন রান্নার কাজে ব্যস্ত সময় পার করছেন। ক্লাবঘরের ভেতরে ১৭টি ডেকচিতে রান্না করা বিরিয়ানি রাখা হয়েছে। রান্নার দায়িত্বে থাকা আকবর হোসেন জানান, সকাল ছয়টা থেকে তাঁরা রান্না করছেন। এই আয়োজনে মোট ১০ মণ চাল ও ১০০ কেজি খাসির মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করা হয়েছে।
শোডাউনে অংশ নেওয়া হাটশহর গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ‘আলমগীর হোসেন মোল্লা বিএনপির জন্য নিবেদিতপ্রাণ। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করছেন। আমরা তাঁর ডাকে সাড়া দিয়ে এই শোডাউনে অংশ নিয়েছি।’ আলমগীর হোসেন মোল্লা বড়াইল ইউনিয়নের দক্ষিণ হাটশহর গ্রামের বাসিন্দা। বর্তমানে বড়াইল ইউনিয়ন বিএনপির সদস্য এই নেতা এর আগে ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পোলট্রি ব্যবসার সঙ্গে যুক্ত আলমগীর হোসেন বড়াইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।
প্রার্থিতার বিষয়ে জানতে চাইলে আলমগীর হোসেন বলেন, ‘চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার বিষয়টি জানান দিতেই এই বড় আয়োজন করেছি।’ তাঁর ডাকে সাড়া দিয়ে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা এই শোডাউনে অংশ নিয়েছেন। উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচনে এবার কোনো দলীয় প্রতীক থাকছে না। তবুও বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থনপ্রত্যাশী আরও দুজন মাঠে রয়েছেন। তাঁরা হলেন বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি রেজ্জাকুল হায়দার ও বিএনপি নেতা মুরশিদুল ইসলাম।
সূত্র: প্রথম আলো



















