প্রতিনিধি 5 August 2026 , 5:05:13 প্রিন্ট সংস্করণ

ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি জাদুঘরটির নামফলক উন্মোচন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে এর আগে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানিয়েছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র বিশেষ অতিথি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।
সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করার বিষয়ে মন্ত্রী জানান, আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য এটি খুলে দেওয়া হবে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্বলিত বিভিন্ন আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিলপত্র এবং সংরক্ষিত স্মারকসমূহ পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই স্মৃতি জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী আয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: যুগান্তর



















