প্রতিনিধি 28 August 2026 , 9:39:04 প্রিন্ট সংস্করণ

ইরান ও কাতারের মধ্যকার সাম্প্রতিক ‘বেদনাদায়ক ঘটনাগুলো’ ভুলে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরায় স্বাভাবিক করার আশাবাদ ব্যক্ত করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন। আনাদোলু এজেন্সির বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যম তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করেন যে, ইরান তার জনগণের আইনগত অধিকারের বাইরে কোনো কিছু দাবি করছে না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, কোনো ধরনের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান। এছাড়া তিনি অভিযোগ করেন যে, মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা ও সুসম্পর্ক গড়ে উঠুক—এটি ইসরাইল কখনোই চায় না।
দুই দেশের মধ্যকার সম্পর্ক ও উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে পেজেশকিয়ান জানান, অতীতে ইরান ও কাতার বেশ কিছু যৌথ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করেছিল। তবে যুদ্ধের পরিস্থিতির কারণে সেসব চুক্তি বাস্তবায়ন পিছিয়ে যায়। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান কঠিন পরিস্থিতি ও উত্তেজনা কাটিয়ে দুই দেশ আবারও পারস্পরিক সহযোগিতার পথে এগিয়ে যেতে সক্ষম হবে।
সূত্র: গালফ বাংলা



















