প্রতিনিধি 5 August 2026 , 6:37:03 প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে বাহরাইনে শুরু হয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলোর যৌথ সামরিক মহড়া ‘বাহরাইন শিল্ড’। এই মহড়াটি ২৮ জুলাই শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এবং আয়োজক দেশ বাহরাইনের সশস্ত্র বাহিনী অংশগ্রহণ করছে।

বাহরাইনের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল-নুয়াইমি জানিয়েছেন, এই মহড়ার মূল লক্ষ্য হলো জিসিসিভুক্ত দেশগুলোর সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধ প্রস্তুতি ও অপারেশনাল পরিকল্পনার দক্ষতা বাড়ানো। এছাড়া সদস্য দেশগুলোর বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সামরিক সংহতি আরও শক্তিশালী করাই এর অন্যতম উদ্দেশ্য।
আল-নুয়াইমি আরও বলেন, এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর সক্ষমতা একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনীর প্রতিফলন। এটি যেকোনো ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় দেশগুলোকে প্রস্তুত রাখবে। সাম্প্রতিক আঞ্চলিক সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে যৌথ সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত ও কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সামরিক বিশ্লেষকদের মতে, ‘বাহরাইন শিল্ড’ মহড়া উপসাগরীয় দেশগুলোর সামরিক সংহতির কৌশলগত ভিত্তিকে আরও মজবুত করবে। এটি যেকোনো আকস্মিক হুমকি বা শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ বাংলা



















