প্রতিনিধি 12 September 2026 , 1:18:20 প্রিন্ট সংস্করণ

অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছেন নগরবাউলখ্যাত রক তারকা জেমস। আগামীকাল শনিবার নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজিত এক কনসার্টে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’-এর সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন তিনি। দুই বাংলার এই দুই রক ব্যান্ডের মিলনমেলা ঘিরে অস্ট্রেলিয়াপ্রবাসী শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। আয়োজক প্রতিষ্ঠান বেঙ্গলি সিনে ক্লাব জানিয়েছে, এবারই প্রথম নরওয়েস্ট কনভেনশন সেন্টারের মতো আন্তর্জাতিক মানের মিলনায়তনে দুই বাংলার জনপ্রিয় এই দুই ব্যান্ডকে এক মঞ্চে আনা হচ্ছে। স্থানীয় সময় আগামীকাল সন্ধ্যায় কনসার্টটি শুরু হবে। এর আগে গত মাসে একই মিলনায়তনে সংগীত পরিবেশন করেছিলেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা।

সিডনিতে পৌঁছানোর পর জেমসের সঙ্গে দেখা করেন ফসিলসের প্রধান কণ্ঠশিল্পী রূপম ইসলাম। শুক্রবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের আলাপচারিতার একটি ভিডিও প্রকাশ করেন রূপম। ভিডিওতে জেমসকে ‘মহাগুরু’ সম্বোধন করে রূপম বলেন, ‘জেমস ভাই, আপনার পাশে এসে দাঁড়ানো থেকে শুরু করে একসঙ্গে কনসার্ট করা—সবটুকুই আমার জন্য একদম অন্য রকম এক অনুভূতি।’ রূপমের মতে, নিজের সুরের শক্তিতে প্রজন্মের পর প্রজন্ম বাংলা ভাষাভাষী শ্রোতাকে এক বন্ধনে বেঁধে রেখেছেন জেমস। এ সময় জেমসকে নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রচলিত ধারণা যে তিনি সহজে হাসেন না, তা নিয়েও রসিকতা করেন রূপম। তিনি বলেন, আজ তাঁকে দেখে জেমসের হাসি থামছে না, যা একটি রেকর্ড।
আলাপের এক পর্যায়ে ২০০৭ সালের ‘ঢাকা রক ফেস্ট’-এর স্মৃতিচারণ করেন রূপম। সেই সময় প্রথম জেমসের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। রূপম জানান, জেমস তাঁকে কথা দিয়েছিলেন ঢাকায় গেলে নিজের গাড়িতে করে শহর ঘুরিয়ে দেখাবেন, যে প্রতিশ্রুতি এখনো অপূর্ণ। তবে এবার সিডনিতেই সময় পেলে দুজন ঘুরতে বের হবেন বলে আশ্বাস দিয়েছেন জেমস। প্রবাসের দর্শকদের উদ্দেশে জেমস বলেন, সিডনির বাঙালিরা বরাবরই বাংলা গানের দারুণ অনুরাগী। তাঁদের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে সেরা পরিবেশনা উপহার দিতে তিনি প্রস্তুত।
উল্লেখ্য, বর্তমানে দেশ ও দেশের বাইরে নিয়মিত কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেমস। এর আগে ২০২৪ সালে ভারতে আয়োজিত ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের কনসার্টেও জেমস ও রূপমকে একই মঞ্চে গান পরিবেশন করতে দেখা গিয়েছিল। সিডনির এই কনসার্ট নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং টিকিট সংগ্রহেও ভালো আগ্রহ দেখা যাচ্ছে। জেমসের সিডনিতে পৌঁছানোর খবর ও রূপমের সঙ্গে তাঁর আলাপচারিতার ভিডিও ছড়িয়ে পড়ার পর আয়োজনটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে।
সূত্র: প্রথম আলো



















