প্রতিনিধি 7 September 2026 , 12:12:58 প্রিন্ট সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে নির্মিত মাইক্রোড্রামা ‘দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই সিরিজের প্রধান চরিত্র মাফিয়া ডন লুকা এবং তার স্ত্রী নোরাকে ঘিরে দর্শকদের আগ্রহের শেষ নেই। ফেসবুকে স্ক্রল করলেই এখন লুকা ও নোরার বিভিন্ন খণ্ডচিত্র চোখে পড়ছে, যা দর্শকদের মধ্যে এক নতুন উন্মাদনা তৈরি করেছে।

লুকা ও নোরার এই কাল্পনিক সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের কৌতুক ও বিশ্লেষণ। জেরিন বাপ্পী লিখেছেন, ‘ফেসবুকে এলেই ইদানীং এআই ধারাবাহিক “মাফিয়া ডন লুকা” আর তার বউ নোরার দেখা মেলে।’ আরেক দর্শক মন্তব্য করেন, ‘শাকসবজির সংসার দেখা বাদ দিয়ে এখন এআই মাফিয়া ভাইয়ার বাচ্চা আর চুক্তির বিয়ের গল্প দেখি।’ এর প্রতিক্রিয়ায় কেউ কেউ লিখেছেন, ‘রাত জেগে এসব দেখতে দেখতে বাস্তবে অস্তিত্বই নেই—এমন লুকা কাস্তেলিনো ও নোরা বেনেটের ওপর ক্রাশ খেয়ে গেছি।’ দাইনা তালুকদার লিখেছেন, ‘যে আমি একসময় ভাত খেতে বসে ঠাকুমার ঝুলি দেখতাম, সেই আমি এখন মাফিয়া ডন লুকা ও নোরার গল্প দেখি।’
বাস্তবে লুকা ও নোরা কোনো রক্ত-মাংসের মানুষ নন; এআই প্রযুক্তিতে তৈরি কাল্পনিক চরিত্র। তবুও তাদের ঘিরে ফেসবুকে যে আলোচনা তৈরি হয়েছে, তা সামাজিক যোগাযোগমাধ্যমে এআইনির্ভর বিনোদনের নতুন সম্ভাবনার কথাই জানান দিচ্ছে।
সূত্র: প্রথম আলো



















