জাতীয়

বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধানে কমপক্ষে দুই বছর সময় প্রয়োজন: অর্থমন্ত্রী

  প্রতিনিধি 17 August 2026 , 3:15:27 প্রিন্ট সংস্করণ

বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট থেকে উত্তরণে অন্তত দুই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্ট করেন যে, ছয় মাস বা এক বছরের মধ্যে এই সমস্যার পূর্ণ সমাধান করা বাস্তবসম্মত নয়। তবে সংকট মোকাবিলায় সরকার দ্রুততম সময়ের মধ্যে কাজ করে যাচ্ছে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন তিনি।

বিদ্যুৎ ও গ্যাস ছাড়া অর্থনীতির চাকা সচল রাখা অসম্ভব উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সংকটটি অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান এলএনজি টার্মিনাল এবং স্থলভাগে গ্যাস সংরক্ষণের (অনশোর স্টোরেজ) মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে তিনি জানান।

বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও সঞ্চালন ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি রয়েছে। বিভিন্ন পরিসংখ্যানে যে সক্ষমতার চিত্র তুলে ধরা হয়, বাস্তবে পরিস্থিতি তার চেয়ে ভিন্ন। বর্তমানে সরকার বিদ্যুৎ উৎপাদন, পাওয়ার মিক্স এবং এনার্জি মিক্স নিয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।

ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং দেশের কয়লা সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ বা এনার্জি মিক্সের কাঠামো ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনার বাস্তবায়ন হলে যথাসময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content