প্রতিনিধি 10 August 2026 , 10:31:19 প্রিন্ট সংস্করণ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পাশের হার ৬২.২৫ শতাংশ। মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যেখানে অকৃতকার্য হয়েছে ছয় লাখ ৯০ হাজার ৬০৮ জন। জিপিএ-৫ অর্জন করেছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। যারা ফলাফলে সন্তুষ্ট নন, তাদের জন্য শিক্ষা বোর্ডগুলো খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে।

ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, আগামী মঙ্গলবার (১১ আগস্ট) থেকে ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা তাদের খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এই পুরো প্রক্রিয়াটি শুধুমাত্র অনলাইনে সম্পন্ন করতে হবে। কোনো অবস্থাতেই ম্যানুয়াল বা হাতে লেখা আবেদন গ্রহণ করা হবে না বলে বোর্ড থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইট (rescrutiny.eduboardresults.gov.bd) ভিজিট করতে হবে। পোর্টালে প্রবেশের পর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর একটি সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে, কারণ পুনঃনিরীক্ষণের চূড়ান্ত ফলাফল পরবর্তীতে এই নম্বরেই এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
পোর্টালে লগইন করার পর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক নম্বর ও ফলাফল প্রদর্শিত হবে। যে বিষয়গুলোতে পুনঃনিরীক্ষণ প্রয়োজন, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। মনে রাখতে হবে, দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করা আবশ্যক। ফি পরিশোধের আগে যদি কোনো ভুল পরিলক্ষিত হয়, তবে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে তা সংশোধন করার সুযোগ রয়েছে।
ফি পরিশোধের পর আবেদনে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হবে। একবার ফি জমা দেওয়ার পর আর কোনো পরিবর্তন আনা সম্ভব নয় এবং এই ফি অফেরতযোগ্য। তবে ফি জমা দেওয়ার পর যদি কোনো শিক্ষার্থী নতুন কোনো বিষয় যুক্ত করতে চান, তবে আগের মোবাইল নম্বরটি ব্যবহার করে পুনরায় আবেদন করা যাবে। ই-পোর্টালের মাধ্যমেই এই পুরো কার্যক্রমটি সম্পন্ন করতে হবে।
শিক্ষাবোর্ড থেকে স্পষ্ট জানানো হয়েছে, ই-পোর্টাল ব্যতীত কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণযোগ্য হবে না।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সূত্র: যুগান্তর



















