আন্তর্জাতিক

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে বিপর্যয়, ৪০০ বর্গকিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে অপরিশোধিত তেল

  প্রতিনিধি 12 August 2026 , 3:52:50 প্রিন্ট সংস্করণ

ওমানের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের নিকটবর্তী সমুদ্রে তেলবাহী ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়ে বড় ধরনের পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার দেশটির পরিবেশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ট্যাংকার থেকে নির্গত অপরিশোধিত তেল সমুদ্রের প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে জোর তৎপরতা চালানো হচ্ছে।

দুর্ঘটনার শিকার জাহাজটির নাম ‘ক্যারোলিন বেজেঙ্গি’। ২৭৪ মিটার দীর্ঘ এই রুশ ট্যাংকারটি প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে এশিয়ায় যাওয়ার পথে গত জুন মাসে ইয়েমেন উপকূলে প্রথম বিপাকে পড়ে। সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্টদের ধারণা, জাহাজটিতে কোনো এক পর্যায়ে বিস্ফোরণ ঘটেছিল। রাশিয়ার নভোরোসিস্ক বন্দর থেকে তেল নেওয়ার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ভুয়া তথ্য ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে। পরবর্তীতে ওমানের হালানিয়াত দ্বীপের সংরক্ষিত এলাকায় আটকা পড়ে জাহাজটি থেকে তেল নিঃসরণ শুরু হয়।

ওমান সরকারের তথ্য অনুযায়ী, তেলের আস্তরণটি দ্বীপের উত্তর-পূর্ব দিকে এগিয়ে আসছে এবং উপকূল থেকে মাত্র ৭ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত দেশটির মিষ্টি পানির প্ল্যান্ট বা পর্যটন কেন্দ্রগুলোতে এর সরাসরি কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। অন্যদিকে, আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে দাবি করেছে যে, তেলের এই আস্তরণ ইতোমধ্যে প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকা গ্রাস করেছে।

পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সমুদ্রের উপরিভাগে ভেসে থাকা এই তেল দ্রুত অপসারণ করা না গেলে ওমানের বিরল প্রজাতির সামুদ্রিক তিমি, কোরাল এবং হাজারো জলজ প্রাণীর দীর্ঘমেয়াদি ও অপূরণীয় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ওমান কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওমান উপকূলের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের কাছে দুর্ঘটনায় পড়ে আটকে যাওয়া তেলবাহী ট্যাংকার থেকে নির্গত ক্রুড অয়েল সমুদ্রের প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content